ইটাখোলা মোড়ে ফুটপাত দখল করে বাস কাউন্টার, চরম ভোগান্তিতে পথচারীরা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম অংশে বিআরটিসি ও নীলাচল পরিবহনের বাস কাউন্টার ফুটপাত দখল করে পরিচালিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর কাউন্টার স্থাপন এবং যাত্রী ওঠানামার কারণে পথচারীদের বাধ্য হয়ে মহাসড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
স্থানীয়রা জানান, ইটাখোলা মোড় ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন হাজার হাজার মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু ফুটপাত দখল করে বাস কাউন্টার পরিচালিত হওয়ায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, কিছুদিন আগে শিবপুর উপজেলা প্রশাসন অবৈধভাবে ফুটপাত দখল করে পরিচালিত বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং সেগুলো অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেয়। প্রশাসনের ওই অভিযানের পর সাময়িকভাবে কাউন্টারগুলো সরিয়ে নেওয়া হলেও বর্তমানে আবারও আগের স্থানে কার্যক্রম পরিচালনা করছে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করেন, ফুটপাত দখলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রী ওঠানামার সময় বাসগুলো মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকায় যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
একাধিক পথচারী বলেন, “ফুটপাত মানুষের চলাচলের জন্য। কিন্তু এখানে ফুটপাতই বাস কাউন্টার হয়ে গেছে। বাধ্য হয়ে আমাদের মহাসড়ক দিয়ে হাঁটতে হয়। প্রশাসন একাধিকবার ব্যবস্থা নিলেও স্থায়ী সমাধান হচ্ছে না।”
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |