শিবপুরে অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা তৈরির কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের নিমারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপ পরিচালক মোঃ বদরুল হুদা।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল-ইসলাম এঁর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান চলাকালে কারখানাটি কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে সীসা তৈরি করে আসছিল বলে জানতে পারে অভিযানকারী দল। এসময় কারখানাটির সেবা সংযোগ (বিদ্যুৎ) বিচ্ছিন্ন করে দেওয়াসহ অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং সীসার চুলার আগুন নিভিয়ে সীসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও সরঞ্জাম ধ্বংস করা হয়।
অভিযানকালে মালিকপক্ষকে ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে কারখানাটি যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য উৎপাদনের সকল উপকরণ পুরোপুরি বিনষ্ট করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস ও আরিফা বেগমসহ, নরসিংদী জেলা পুলিশের একটি দল এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |