ইটাখোলা-মনোহরদী সড়ক যেন এক মৃত্যুপুরী,
প্রতিদিনই ঝরছে প্রাণ, দেখেও নীরব প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, শিবপুর:
নরসিংদী জেলার ইটাখোলা টু মনোহরদী সড়ক বর্তমানে যেন এক আতঙ্কের নাম। প্রতিদিন অসংখ্য যানবাহনের বেপরোয়া চলাচল, চালকদের অসচেতনতা এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে এই সড়কে ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। স্থানীয়দের ভাষায়, সড়কটি এখন “মৃত্যুপুরী”তে পরিণত হয়েছে।
এই সড়কে প্রতিদিন চলাচল করে মনোহরদী পরিবহন, রয়েল পরিবহন, অনন্যা পরিবহনসহ বিভিন্ন বাস ও পরিবহন। এছাড়াও কয়েক হাজার সিএনজি অটোরিকশা, হোন্ডা, অটোরিকশা এবং লোকাল বাস অবাধে চলাচল করে। বিশেষ করে সিএনজি চালকদের বেপরোয়া গতি ও একে অপরের সাথে পাল্লা দিয়ে যাত্রী তোলার প্রবণতা দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ চালকই ট্রাফিক আইন মানেন না। যত্রতত্র ওভারটেক, অতিরিক্ত গতি, অপ্রাপ্তবয়স্ক চালক এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসী জানান, প্রায় প্রতি দিনই দুর্ঘটনায় মানুষ আহত কিংবা নিহত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও তা সাময়িক। ফলে কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যায় সড়কটির পরিস্থিতি।
সচেতন মহল মনে করছেন, দ্রুত গতিনিয়ন্ত্রণ, ট্রাফিক আইন বাস্তবায়ন, নিয়মিত মনিটরিং এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই সড়কে প্রাণহানি আরও বাড়বে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ইটাখোলা-মনোহরদী সড়ক আর কোনো পরিবারের স্বজন হারানোর কারণ না হয়।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |